Header Ads

মুনশি একাডেমি

শিক্ষা ও সাহিত্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম
নোট ও সাজেশন বিসিএস ও এনটিআরসিএ বি.এড ও ব্যাংক প্রস্তুতি

ম্যানেজিং কমিটিতে অর্ধশিক্ষিত নয়, যোগ্যদেরই রাখা হবে: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটিতে অর্ধশিক্ষিত নয়, যোগ্যদেরই রাখা হবে: শিক্ষামন্ত্রী 

 

ম্যানেজিং কমিটি, শিক্ষামন্ত্রী, শিক্ষাগত যোগ্যতা, স্কুল ম্যানেজিং কমিটি, শিক্ষা খবর ২০২৬, Managing Committee Reform, Education Policy BD, Qualified Leadership, Munshi Alim, Munshi Academy, #MunshiAcademy


মুনশি একাডেমি ডেস্ক, সিলেট | ১৩ মার্চ, ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে অর্ধশিক্ষিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, "ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রশ্নই ওঠে না। বরং শিক্ষাক্ষেত্রে যাদের প্রকৃত অবদান আছে, তাদের নিয়েই কমিটি গঠনের চিন্তাভাবনা চলছে।"

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে চাঁদপুরের কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সম্প্রতি ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা কমানো হচ্ছে বলে ছড়িয়ে পড়া তথ্যের বিষয়ে মন্ত্রী বলেন, "অর্ধশিক্ষিত লোক দিয়ে কমিটি গঠনের যে তথ্য প্রচার হয়েছে তা অসম্পূর্ণ এবং বিকৃত। প্রকৃত সত্য হলো আমরা শিক্ষার মানোন্নয়নে গুণগত পরিবর্তন আনতে চাই।" তিনি সাংবাদিকদের খণ্ডিত বক্তব্য প্রচার না করে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান জানান।

পরীক্ষা পদ্ধতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

আসন্ন এসএসসি পরীক্ষা নিয়ে ড. মিলন বলেন, "পুরনো মান্ধাতা আমলের পদ্ধতিতে এসএসসি পরীক্ষা নয়, বরং নতুন এবং যুগোপযোগী বাস্তবসম্মত নিয়মে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।" এছাড়া পরীক্ষার হলে পরীক্ষার্থী, ইনভিজিলেটর (পরিদর্শক) এবং পর্যবেক্ষকদের জন্য একটি সুনির্দিষ্ট কঠোর নীতিমালা বা নিয়মের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

শিক্ষার রোল মডেল কচুয়া

নিজের নির্বাচনি এলাকা নিয়ে পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, "সারাদেশের আগে কচুয়াকে শিক্ষার রোল মডেল করতে চাই। এখান থেকেই সফলতার উদাহরণ সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে। কারণ আগে নিজের ঘর ঠিক করতে হবে।" শিক্ষার মান উন্নয়নে সরকার ধাপে ধাপে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.