আলতা সুন্দরী (গল্প) - মুনশি আলিম
আলতা সুন্দরী (গল্প) - মুনশি আলিম
চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে দূরপাল্লার বাসের অপেক্ষা করছিলাম। এক আলতা সুন্দরী কাছে এসে বললো— এক্সকিউজ মি।
কৌতূহলের মাত্রা উদ্রেক করে তার চোখের দিকে তাকাই। নিয়ন আলো তার চোখেমুখে অদ্ভুত সুন্দরভাবে ঠিকরে পড়েছে। কিছুটা দ্বিধান্বিত কণ্ঠে বললাম— জি বলুন।
— আমাকে একটু কষ্ট করে বাসে তুলে দিতে পারবেন?
— নিশ্চয়ই।
কিন্তু কথাটি বলার পর পরই নিজের সঙ্গে ভাবনার দ্বৈরথ যুদ্ধে জড়াতে থাকি। মনে হলো একে তো অচেনা শহর, তদুপরি রাতের প্রায় দ্বিপ্রহর!
কী বুঝে একটু সময়ক্ষেপণ করতে লাগলাম। এরই মধ্যে জনৈক লোক প্রাইভেট কার থামিয়ে মেয়েটির সঙ্গে খুশমেজাজে কথা বলছে। তার কথায় অন্যরকম আমেজ! মানে দর-কষাকষি টাইপের কিছু।
আমি হ্যাবলাকান্তের মতো অদূরেই দাঁড়িয়ে রইলাম। মিনিট খানেকের মধ্যেই মেয়েটি প্রাইভেটকারে উঠে পড়লো। আলতা সুন্দরী ভুল করে একটি বারের জন্যও আর আমার দিকে তাকালো না।
বিস্ময়কর মানবী দেখতে দেখতেই নিয়ন আলোয় দৃশ্যমান থেকে দৃশ্যান্তর হয়ে গেল।
২৩.০৫.২০২৪
সিলেট

কোন মন্তব্য নেই