জাল সনদে শিক্ষকতা: এমপিও বন্ধ ও মামলার নির্দেশ
জাল সনদে শিক্ষকতা: এমপিও বন্ধ ও মামলার নির্দেশ এনটিআরসিএ’র
মুনশি একাডেমি ডেস্ক | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
জাল শিক্ষক নিবন্ধন সনদ দিয়ে চাকরি করার অভিযোগে রংপুরের মিঠাপুকুর উপজেলার এক মাদরাসা শিক্ষকের এমপিও বন্ধসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
রংপুরের মিঠাপুকুরস্থ সেরুডাঙ্গা দারুল উলুম দ্বি-মুখী দাখিল মাদরাসার সমাজ বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মোছা. নারজুস আরা বেগম দীর্ঘদিন ধরে জাল সনদ ব্যবহার করে বেতন-ভাতা ভোগ করে আসছিলেন। বিষয়টি সামনে আসে যখন তিনি নিজের সনদ এনটিআরসিএ’র ডাটাবেজে অন্তর্ভুক্ত করার জন্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন।
আদালতের নির্দেশনার পর গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এনটিআরসিএ কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়:
উক্ত শিক্ষক ২০০৮ খ্রিষ্টাব্দের ৪র্থ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিলেও তাতে অকৃতকার্য হয়েছিলেন।
পরবর্তীতে তিনি একটি ভুয়া ও জাল সনদ তৈরি করে মাদরাসায় চাকরিতে যোগ দেন।
২০২৫ খ্রিষ্টাব্দের জানুয়ারিতেই এনটিআরসিএ এক চিঠির মাধ্যমে তার এই সনদটি ‘জাল ও ভুয়া’ বলে নিশ্চিত করেছিল।
এনটিআরসিএ জানিয়েছে, জাল সনদধারী এই শিক্ষক অবৈধভাবে সরকারি অর্থ (এমপিও) গ্রহণ করে আসছিলেন। এ অবস্থায় তার এমপিও সুবিধা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ফৌজদারি মামলা বা আইনি পদক্ষেপ নিতে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই