ডলার উপহার-মুনশি আলিম
ডলার উপহার
মুনশি আলিম
ট্রেনে করে চট্টগ্রাম যাচ্ছিলাম। আমি যে বগিতে ছিলাম, সেখানে ১৫-১৬ জন মার্কিন নাগরিকও বসেছিলেন। আমার পাশের জনের নাম ছিল জিন্তি। সে একজন স্কুল শিক্ষক এবং তার শখ ছিল ইতিহাস ও সমাজবিদ্যা নিয়ে গভীর আলোচনা করা। তার সাথে আমার দীর্ঘ আলাপচারিতা চলছিল— আমাদের দেশের প্রকৃতি, ভূপ্রকৃতি, অর্থনীতি, রাজনীতি, ট্রান্সপোর্ট ব্যবস্থা এবং আরো নানা বিষয়ের ওপর। সে অনেক দ্রুত কথা বলছিল এবং মাঝে মাঝে আমি তার অনেক কথাই বুঝতে পারছিলাম না। তবু তার বুদ্ধিদীপ্ত কথাবার্তায় মুগ্ধ হয়ে মাঝে মাঝে শুধু ‘হু’ বা ‘হ্যাঁ’ বলে চলছিলাম।
একসময় ট্রেনের বগিতে এক ফেরিওয়ালা এসে হাজির হলো। হাতে নানা ধরনের মালা বিক্রি করছিল। ফেরিওয়ালার মালার দিকে চোখ পড়ল জিন্তির। ফেরিওয়ালা তখনো বলেই যাচ্ছিল— এই মালা, খেলনা, ঘড়ি...। জিন্তি একটি মালা দেখিয়ে আমাকে জিজ্ঞেস করল— দাম কত? আমি বললাম— এটি ১ বা ২ ডলার হতে পারে।
ফেরিওয়ালার দিকে তাকাতেই সে বলল ৩০০ টাকা। আমি তো অবাক। ধারণা হলো ইংরেজ দেখেই হয়তো দাম বাড়িয়ে দিয়েছে। তবে জিন্তি তার চোখে গভীর আগ্রহ নিয়ে মালাটির দিকে তাকিয়ে ছিল। আমি তাকে বললাম— এই মালাটি আমি আপনাকে গিফট করতে চাই। জিন্তি হালকা হাসল যেন তাকে বিভ্রান্ত করতে চাইছিলাম।
তবুও আমি মালাটির দাম পরিশোধ করে তার হাতে তুলে দিলাম। জিন্তি মৃদু এক হাসি দিয়ে গলায় সেটি পরল। এরপর এক অদ্ভুত মুহূর্ত ঘটল— সে তার মানিব্যাগ বের করে একটি ভাঙতি ১ ডলার আমার দিকে এগিয়ে দিল। —এটা রাখুন, সে বলল।
আমি কিছুটা লজ্জিত হয়ে বললাম— বিনিময়ের জন্য আমি এটা আপনাকে গিফট করিনি। কিন্তু জিন্তি মৃদু হাসতে হাসতে বলল— আমি জানি। তবে আপনি যে মুহূর্তটি আমাকে উপহার দিলেন তা আমি কখনো ভুলব না। এই ১ ডলার আপনার সেই চিন্তাশীল উপহারকে স্মরণ করার জন্য।
১২-০৩-২০২৫ খ্রি.
শাহপরান, সিলেট

কোন মন্তব্য নেই